শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে কাদের সুফিয়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী মোছাঃ সুমাইয়া ও মোঃ জনির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সামাজিক মর্যাদা, অধিকার এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
কাদের সুফিয়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এবং শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ জানে আলম খোকা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান এবং বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
অনুষ্ঠানে নবদম্পতি সুমাইয়া ও জনিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার পাশাপাশি তাদের সামাজিক ও পারিবারিক জীবনের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে উপস্থিত অতিথি ও অভিভাবকেরা ব্যতিক্রমী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

