দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেপাল সরকারের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী-এর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাক্ষরিত একটি চিঠি হস্তান্তরের সময় এ তথ্য জানান। চিঠিটি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-এর উদ্দেশে লেখা।
এর আগে, গত ১ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নেপালের ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
এদিকে, নেপালের মর্মান্তিক বন্যা ও ভূমিধসের ঘটনায় গত ২৭ আগস্ট ২০২৬ বাংলাদেশ জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
নেপালের চলমান ত্রাণ ও মানবিক কার্যক্রমে বাংলাদেশের এই আর্থিক সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সহযোগিতার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

