দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বগুড়ায় মাংসের গুণগত মান, স্বাস্থ্যবিধি ও সঠিক ওজন-দর নিশ্চিত করতে সমন্বিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার গোদারপাড়া বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় বাজারে বিক্রি হওয়া মাংসের গুণগত মান যাচাই করা হয়। পাশাপাশি মাংস ব্যবসায়ীদের সুস্থ ও সবল পশু জবাই, জবাইয়ের আগে পশুর সুস্থতা নিশ্চিত করতে প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতা নেওয়া, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পাত্র ও পাটাতনে মাংস প্রক্রিয়াকরণ ও বিপণনের পরামর্শ দেওয়া হয়।
এছাড়া পশু জবাই ও প্রক্রিয়াজাতকরণের পর বর্জ্য বিধিসম্মতভাবে ব্যবস্থাপনা, ক্রেতাদের সঠিক ওজন ও নির্ধারিত মূল্যে মাংস সরবরাহ এবং হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান।
এসময় গোদারপাড়া বাজার কমিটির নেতৃবৃন্দ মনিটরিং কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

