মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে সাব্বির হোসেন (১৭) নামে এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির বাইরে থেকে হাঁস নিয়ে আসার উদ্দেশ্যে বের হন সাব্বির। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সাব্বিরের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। মেধাবী ও ভদ্র শিক্ষার্থী হিসেবে পরিচিত সাব্বিরের অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় কানাইকন্দর স্কুলপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

