এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, নষ্ট ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল লবণ ধ্বংস এবং নিম্নমানের রং জব্দ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বগুড়া মহানগরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় অবস্থিত ‘আফিফ চিপস’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটির উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারখানায় চিপস উৎপাদনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা হয়নি। সেখানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। একই সঙ্গে নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা ছিল।
এ ছাড়া চিপস তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। উৎপাদন প্রক্রিয়ায় মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট ব্যবহার এবং গুণগত মান যাচাই ছাড়াই নিম্নমানের রং ব্যবহারের বিষয়টিও অভিযানে উঠে আসে। কারখানার খাদ্যকর্মীদের ক্ষেত্রেও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানান।
এসব অনিয়ম ও ভোক্তা-স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দোষ স্বীকার করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ‘আফিফ চিপস’ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে আনুমানিক তিন মণ ইন্ডাস্ট্রিয়াল লবণ ধ্বংস করা হয়। পাশাপাশি ২৩ কেজি নিম্নমানের রং জব্দ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপযুক্ত প্রমাণক দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, বগুড়া সদর মো. সাখাওয়াত হোসেনসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
অভিযানের সার্বিক নিরাপত্তায় র্যাব-১২ এবং জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
সংশ্লিষ্টরা জানান, খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

