বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় সোহাগী আক্তার ছোঁয়া (১৮) নামে এক ডিজে শিল্পীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন—এমন নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
বুধবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বিমানবন্দরের অদূরে মহাসড়কের মাঝখান থেকে অচেতন অবস্থায় ছোঁয়াকে উদ্ধার করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
নিহত সোহাগী আক্তার ছোঁয়ার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে। তিনি বগুড়া মহানগরের জহুরুলনগরে ফুপু রিতা বেগমের সঙ্গে বসবাস করতেন।
নিহতের স্বজন শাহাদৎ জামান জয় জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনটি মোটরসাইকেলে করে তারা বগুড়া শহরের সাতমাথা থেকে দুপচাঁচিয়ার একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। মোটরসাইকেল তিনটিতে মোট ছয়জন ছিলেন—তিনজন নারী ও তিনজন পুরুষ। ছোঁয়া ছিলেন দ্বিতীয় মোটরসাইকেলে।
তিনি জানান, পেছনের দুটি মোটরসাইকেল জ্বালানি নেওয়ার জন্য চারমাথা এলাকার একটি পেট্রল পাম্পে যায়। পরে তারা সামনে থাকা মোটরসাইকেলটির পিছু নেন। এরুলিয়া বিমানবন্দর এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে পৌঁছে তারা রাস্তার মাঝখানে ছোঁয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে তাকে বহনকারী মোটরসাইকেল চালককে সেখানে পাওয়া যায়নি।
পরে সহশিল্পীরা ছোঁয়াকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান বলেন, মর্গে পাঠানোর আগে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ সময় শরীরের এক পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে তার মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, নিহতের পরিবার তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে ছোঁয়ার মরদেহ দাফন করা হয়েছে।

