এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় একটি ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামে এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, আব্দুর রহমান অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর রাতে সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবায় স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সোনাতলা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, নিহত কিশোর যে অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, সেটি এখনো পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অটোরিকশাটির সন্ধানসহ হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

