ঢাকা প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন কাঠামোর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরু করার বিষয়টি জানিয়েছেন বাহিনীটির প্রধান আহসান হাবীব পলাশ।
নতুন বাহিনীর লোগোতেও পরিবর্তন আনা হয়েছে। তবে লোগোর মূল নকশা অপরিবর্তিত রেখে সেখানে র্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা হয়েছে। বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র এবং বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হয়েছে।
র্যাবের আগের ওয়েবসাইটেও নতুন নাম ও লোগোর ব্যবহার দেখা গেছে। তবে ওয়েবসাইটের ইউআরএল ঠিকানা অপরিবর্তিত রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে আইনটি কার্যকর হয়। পরদিন বুধবার থেকে নতুন নামে কার্যক্রম শুরু করে বাহিনীটি।
নতুন আইনের আওতায় র্যাবের জনবল, সম্পদ, নথি, স্থাপনা, তহবিল ও দায়-দায়িত্ব নতুন বাহিনীতে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। এসআরবিকে পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাঠামোবদ্ধ করা হয়েছে।
বাহিনীপ্রধান আহসান হাবীব পলাশ জানিয়েছেন, এসআরবি নামে গেজেট প্রকাশের পর বুধবার থেকেই নতুন নামে সব কার্যক্রম শুরু হয়েছে।

