এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনে নিহত বাকপ্রতিবন্ধী নারী বুবি বেগম (ওহেদা বেগম) হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় “বগুড়া মূক-বধির সংঘ”-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংঘের সদস্য, বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বুবি বেগম নামে পরিচিত ওই নারীর প্রকৃত নাম ওহেদা বেগম। তিনি প্রায় ২৪ থেকে ২৫ বছর আগে বগুড়ার গাবতলী উপজেলার ঘোন শাঘাটিয়া এলাকা থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা কয়েক বছর ধরে সর্বাত্মক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন। কিন্তু ততক্ষণে তিনি নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনে নিহত হয়েছেন—এ মর্মান্তিক সংবাদ তাদের সামনে আসে।
বক্তারা আরও দাবি করেন, নিহত ওহেদা বেগমের পরিবারের অধিকাংশ সদস্যই বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার সঙ্গে জীবনযাপন করেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, সদস্যদের মধ্যে প্রায় সবাই কোনো না কোনোভাবে প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘ সময় ধরে তার খোঁজ চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। একমাত্র সুস্থ বড় ভাইও বুবি বেগম নিখোঁজ হওয়ার কয়েক বছর পর মারা যান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন বাকপ্রতিবন্ধী ও অসহায় নারীকে নির্মমভাবে হত্যার ঘটনা সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, মর্যাদা ও মৌলিক অধিকার রক্ষায় রাষ্ট্রকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো প্রতিবন্ধী ব্যক্তি এমন নির্মম সহিংসতার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ থেকে বাংলাদেশ সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করে হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত হলে সমাজে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর বার্তা যাবে।
উল্লেখ্য, নিহত বুবি বেগম (ওহেদা বেগম) নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। তার স্থায়ী ঠিকানা বগুড়া জেলার গাবতলী উপজেলার ঘোন শাঘাটিয়া গ্রাম।

