এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের বিভিন্ন বাজারে সেফটি হেলমেট, ইঞ্জিন অয়েল, ব্যাটারি পানি ও ওয়েট স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বগুড়া আঞ্চলিক কার্যালয়। অভিযানে নকল ব্যাটারি পানি জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের সূত্রাপুর, পার্ক মার্কেট, সাতমাথা মোড় ও বিআরটিসি মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের বৈধ ছাড়পত্র, এলসি নম্বর এবং বিএসটিআই অনুমোদিত লোগো যাচাই করে পণ্য কেনাবেচার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে মানসম্মত ও অনুমোদিত পণ্য ছাড়া কোনো ধরনের পণ্য বাজারজাত না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
বিএসটিআই কর্মকর্তারা জানান, পার্ক রোড মার্কেট এলাকায় অভিযান চালানোর সময় দুটি প্রতিষ্ঠানের নকল ব্যাটারি পানির বোতল শনাক্ত করা হয়। পরে সেগুলো জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ ছাড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স মার্কেটের ১২টি ওয়েট স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে সরবরাহকারী সনদ দ্রুত বিএসটিআই থেকে নবায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানের আওতায় সূত্রাপুরের গোহাইল রোড এলাকার তুবা মটরস, মোটো কিং, আরাফাত মটরস, মামুন মটরস ও মোটো গিয়ারসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযান পরিচালনা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন, পরিদর্শক (মেট) মো. শাহ আলম খাঁন পলাশ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান।
বিএসটিআই কর্মকর্তারা বলেন, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে মানহীন ও নকল পণ্যের সরবরাহ বন্ধে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান নকল ও মানহীন পণ্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে পণ্য বিক্রির প্রবণতা বাড়াতে ভূমিকা রাখবে।

