এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার শেরে বাংলা নগর এলাকায় ‘ডাক্তার’ পরিচয়ে চিকিৎসাসেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, শুধুমাত্র ডিএমএফ (Diploma in Medical Faculty) কোর্স সম্পন্ন করেও মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান) দীর্ঘদিন ধরে নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এলাকাবাসীর কাছে তারা চিকিৎসক হিসেবেই পরিচিত ছিলেন। এতে সাধারণ রোগীরা বিভ্রান্ত হওয়ার পাশাপাশি প্রতারণার শিকার হচ্ছিলেন বলে অভিযানে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
অভিযানকালে ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এসব অনিয়মের দায়ে চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করলে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং চিকিৎসার নামে প্রতারণা কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে র্যাব-১২ এবং বগুড়া জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

