এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বগুড়া মহানগরের চকসুত্রাপুর ও সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – বগুড়া শহরের ঠনঠনিয়া হিন্দুপাড়ার মৃত অজিত সরকারের ছেলে শ্রী ভুলু সরকার (৩৮) এবং শাজাহানপুর উপজেলার রানিরহাট মুন্সিপুর এলাকার মৃত শাজাহানের ছেলে মো. টগর (৪০)।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান। এ সময় দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তার শ্রী ভুলু সরকারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মো. টগরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের অপব্যবহার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

