
ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬: সরকারি, বেসরকারি ও ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষার্থী ভর্তি ফি এবং ভর্তি-সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম, ভর্তি ফি নির্ধারণ, অন্যান্য আর্থিক বিষয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণ, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এবং অভিভাবকদের ওপর আর্থিক চাপ কমানোর বিষয়গুলো এ আলোচনার গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে উঠে এসেছে।
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির জন্য ইতোমধ্যে সরকার ভর্তি নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী, মফস্বল এলাকায় ভর্তি ও সেশন চার্জসহ সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় ১ হাজার টাকা এবং জেলা সদর পৌর এলাকায় সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে মহানগর এলাকায় সর্বোচ্চ ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারিত রয়েছে। ঢাকার ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে এ সীমা ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
একই শিক্ষাপ্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়ের সুযোগ রাখা হয়নি। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং এমপিও বাতিলের মতো পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে।
এ ছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কার্যক্রমে শৃঙ্খলা, নিবন্ধন, শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি নির্ধারণে স্বচ্ছতা আনতে অভিন্ন নীতিমালা প্রণয়নের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
শিক্ষা খাতের সংশ্লিষ্ট বিষয়গুলোতে নীতিমালা বাস্তবায়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের আলোচনা সভাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক: 


















