দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
রাজবাড়ীর কালুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন এস এম রেজাউল করিম। সোমবার (১৭ আগস্ট) তিনি কালুখালী উপজেলায় যোগদান করেন।
এর আগে তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে তিনি বগুড়ার শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এস এম রেজাউল করিম ঢাকা জেলার ধামরাই উপজেলার দেপাশাই গ্রামের সন্তান। তিনি ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি সরকারি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
কালুখালী উপজেলায় যোগদানের পর নবাগত ইউএনও এস এম রেজাউল করিম উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, জনসেবা নিশ্চিতকরণ, সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তার যোগদানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে দায়িত্বকালীন সময়ে কালুখালীর উন্নয়ন ও জনসেবায় তার ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেছেন স্থানীয়রা।

