দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে ডনকে গ্রেফতার করা হয়। পরে সিআইডির একটি দল তাকে নিয়ে যায়। সালমান শাহ হত্যা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালত এ ঘটনায় হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।
পুরোনো নথি অনুযায়ী, সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে একাধিক তদন্ত সংস্থা কাজ করেছে। দীর্ঘদিন তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদনে জানায়, সালমান শাহর মৃত্যু আত্মহত্যাজনিত। তবে তার পরিবার ও ভক্তরা সেই প্রতিবেদন মেনে নেননি।
এর ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা আলোচনা ও জল্পনা থাকলেও বর্তমানে নতুন করে মামলাটি তদন্ত করছে সিআইডি।

