দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর ২০২৬: স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়ন চ্যালেঞ্জ, অর্থায়ন ও বাণিজ্য সুবিধা এবং জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বৈঠকে হুমায়ুন কবির এলডিসি গ্রুপের নেতৃত্ব দেওয়ার জন্য নেপালকে ধন্যবাদ জানান এবং দেশটিতে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পর বাংলাদেশের সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে এলডিসি গ্রুপের পরবর্তী চেয়ার হিসেবে গাম্বিয়াকে স্বাগত জানান।
বক্তব্যে তিনি বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, ঋণসংকট, সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কমে যাওয়া, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাহীনতা এবং জলবায়ু সংকট এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
তিনি উল্লেখ করেন, এলডিসিভুক্ত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো ৭ শতাংশের নিচে রয়েছে। ২০২৬ সালে এ প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ এবং ২০২৭ সালে ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে দোহা কর্মসূচি বাস্তবায়নে অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশের এলডিসি উত্তরণকে মসৃণ, টেকসই ও অপরিবর্তনীয় করতে প্রস্তুতিমূলক সময়সীমা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। বিশেষ করে উত্তরণ-পরবর্তী সময়ে সম্ভাব্য অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এলডিসি সংক্রান্ত দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনাকে সামনে রেখে বাংলাদেশ ছয়টি অগ্রাধিকার তুলে ধরে। এগুলো হলো—উন্নয়ন অর্থায়ন, বাণিজ্য, জলবায়ু অর্থায়ন, অবৈধ আর্থিক প্রবাহ প্রতিরোধ, কাঠামোগত রূপান্তর এবং বহুপাক্ষিক অংশীদারত্ব।
বৈঠকে বাংলাদেশ এসব ক্ষেত্রে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানায়। এলডিসিভুক্ত দেশগুলোর টেকসই উন্নয়ন ও উত্তরণ প্রক্রিয়াকে এগিয়ে নিতে বহুপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

