দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
‘ভিসতা ৫ম জাতীয় ডজবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৬’-এর পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ডজবল দলের সদস্যরা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ পুলিশ থ্রোবল, ডজবল, ল্যাক্রোসবল, সিস্টোবল ও রকবল ক্লাবের সভাপতি ব্যারিস্টার জিল্লুর রহমান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট) ও ক্লাবের সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের গোলারটেক মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়।
পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ ডজবল দলের মুখোমুখি হয় ফিরোজ স্মৃতি সংসদ, নড়াইল। ম্যাচে বাংলাদেশ পুলিশ ডজবল দল ৮-২ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আইজিপি মোঃ আলী হোসেন ফকির তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।

