
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও পিইডিপি-৪ তহবিলের আওতায় বাস্তবায়নাধীন ৯টি উন্নয়নমূলক প্রকল্পের নামফলক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) এসব প্রকল্পের নামফলক উদ্বোধন করেন কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রশিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন।
এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন করা ৯টি উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে-উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন, পরিষদের অডিটোরিয়াম হলরুম, উপজেলা পরিষদের পুরাতন ভবন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, পরিষদ চত্বরের সীমানাপ্রাচীর, অভ্যন্তরীণ আরসিসি রাস্তা মেরামত ও সংস্কার, স্টেইনলেস স্টিল বার দ্বারা ফুলের বাগান নির্মাণ, পরিষদের বাসাবাড়ি মেরামত ও সোলার লাইট স্থাপন এবং গাড়ি ধোয়ার র্যাম্প নির্মাণ ও সাবমার্সিবল পাম্প স্থাপন।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উপজেলা পরিষদের অবকাঠামোগত উন্নয়ন, দাপ্তরিক পরিবেশের আধুনিকায়ন এবং সার্বিক সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, এলাকার সার্বিক উন্নয়ন এবং প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Reporter Name 

















