এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়ায় নিজ বসতবাড়ির উঠানে গাঁজার গাছ চাষের অভিযোগে মো. মান্নান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর একটি অভিযানিক দল। এ সময় তার বাড়ির উঠান থেকে প্রায় ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ জানতে পারে, উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় একটি বসতবাড়ির উঠানে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ রয়েছে। তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে গত ২৩ সেপ্টেম্বর রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আশুঞ্জা মধ্যপাড়া এলাকার নিজ বসতবাড়ির উঠান থেকে মো. মান্নানকে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. মোয়াজ্জেমের ছেলে।
অভিযানকারী দল ঘটনাস্থল থেকে ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ জব্দ করে। পরে জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

