এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোররাতে বগুড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল ভুট্টাবোঝাই একটি ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি হায়েস মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ভারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটির ওপর উল্টে পড়ে।
এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক এবং সামনের আসনে থাকা এক যাত্রী মারা যান। নিহত ওই যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বেশ কিছু সময়ের চেষ্টায় মাইক্রোবাসের ভেতরে আটকে থাকা আট যাত্রীকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের দ্রুত শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
শাজাহানপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

