এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিনকে দেখতে হাসপাতালে গেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিনকে দেখতে যান তাঁরা। এ সময় নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।
হাসপাতালে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান এবং বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও মিডিয়া সম্পাদক গোলাম আজম।
এ সময় নেতৃবৃন্দ আহত রুহুল আমিনের চিকিৎসার সার্বিক খোঁজ নেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রুহুল আমিন। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

