বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় হিন্দোল একাডেমির আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী দ্বিতীয় ‘সৃজননন্দন উৎসব-২০২৬’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় শহীদ টিটু মিলনায়তন চত্বরের রোমেনা আফাজ মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করা হয়।
হিন্দোল একাডেমির আয়োজনে এবং ‘ভোর হলো’ ও ‘দল অন্যরকম’-এর সহযোগিতায় আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান এবং জাসাস বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল হান্নান এবং উত্তরা বাইক সেন্টারের স্বত্বাধিকারী মো. আবু মোত্তালেব মানিক।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উৎসবের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ খন্দকার। স্বাগত বক্তব্য দেন উৎসবের সদস্যসচিব সোবহানী বাপ্পী।
উৎসবের প্রথম দিনে হিন্দোল একাডেমি ও ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
এবারের সৃজননন্দন উৎসবে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—সাহিত্যে বজলুল করিম বাহার, সংগীতে তৌফিকুল আলম টিপু, সাংবাদিকতায় মোজাম্মেল হক লালু, চিত্রকলায় হেলেনা খানম ইরানী, শিক্ষকতায় প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, নাটকে এ.টি.এম নজরুল ইসলাম, শিশু সংগঠক হিসেবে পলাশ খন্দকার, আবৃত্তিতে শরীফ মজুমদার এবং নৃত্যে (মরণোত্তর) আব্দুস সামাদ পলাশ।
শুক্রবার (৬ নভেম্বর) উৎসবের দ্বিতীয় দিনেও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘দল অন্যরকম’-এর পরিবেশনা রয়েছে।

