শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ২১ নম্বর আসামি মো. আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার হাজিপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল কুদ্দুস শেরপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং সাবেক শেরপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি হাজিপুর গ্রামের মো. আব্দুল হাকিম ওরফে হায়দার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার এফআইআর নম্বর-২৪, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৪ এবং জিআর নম্বর-২৮৩-এর একটি মামলায় আব্দুল কুদ্দুস ২১ নম্বর এজাহারনামীয় আসামি। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে।

