এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি সম্পাদনা ও সংযোজন করে প্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং সম্মানহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন মোঃ মিনারুল ইসলাম মিনার (২৯) নামে এক যুবক।
অভিযোগকারী মিনারুল ইসলাম মিনার উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে।
থানায় জমা দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ থেকে ‘ধুনট বার্তা’ নামের একটি ফেসবুক পেজে ফেক আইডির মাধ্যমে তাঁর ছবির সঙ্গে একই গ্রামের মোছাঃ টপি খাতুন (২৭) নামে এক নারীর ছবি বিভিন্ন অ্যাপস ব্যবহার করে সম্পাদনা ও সংযোজন করে প্রকাশ করা হচ্ছে। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে তাঁর ব্যক্তিগত মর্যাদা, পারিবারিক সুনাম ও সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ৩০ অক্টোবর বেলা আনুমানিক ১১টার দিকে ওই নারী বিয়ের দাবি নিয়ে মিনারুল ইসলামের বাড়িতে উপস্থিত হন। এ সময় পরিবারের সদস্য ও স্বজনরা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে মোঃ রুহুল আমিন (৩৮) ও মোঃ রিপন মিয়া (৩৩) নামে দুই ব্যক্তির সম্পৃক্ততার কথা জানিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মিনারুল ইসলামের অভিযোগ, রুহুল আমিন ও রিপন মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে তাঁর এবং ওই নারীর ছবি বিভিন্ন অ্যাপের মাধ্যমে সম্পাদনা করে ফেসবুকে প্রচার করছেন। পাশাপাশি বিয়ের দাবিতে ওই নারীকে তাঁর বাড়িতে পাঠিয়ে সামাজিকভাবে বিব্রত ও হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে তিনি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে দাবি করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, মোঃ তাজুব্বর ইসলাম ও মোঃ ঝন্টু মিয়াসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে তাঁর পরিবারের অন্য সদস্যরাও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী।
এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে প্রতিকার চেয়ে তিনি ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোঃ রুহুল আমিন ও মোঃ রিপন মিয়া। তাঁরা বলেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনার সঙ্গে তাঁদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ‘ধুনট বার্তা’ নামের ফেসবুক আইডি সম্পর্কেও তাঁরা অবগত নন। কে বা কারা ওই আইডি খুলে তাঁদের হয়রানি করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে, তা তাঁদের জানা নেই। একই সঙ্গে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস শুকুর আলী বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

