এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, নিরাপদ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি থানা এক ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে রোববার (২৮ জুন ২০২৬) উপজেলার ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান । তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদকাসক্তি, অপহরণ, ইভ টিজিং, সাইবার অপরাধ এবং মোবাইল ফোনের অপব্যবহারসহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ওসি কামরুজ্জামান মিয়া বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। নিজেদের নিরাপদ রাখা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকাই একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয়। শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, সামাজিক দায়বদ্ধতা ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, কোনো ধরনের সমস্যা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলে ভয় না পেয়ে শিক্ষক, অভিভাবক কিংবা পুলিশের সহযোগিতা নেওয়া উচিত। সমাজে অপরাধ ও সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থী, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সকল শিক্ষার্থী এবং আদমদীঘি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, সমাজ থেকে অপরাধ, মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

