এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার ৯ নম্বর মথুরাপুর ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুভ উদ্বোধন করেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।” তিনি সরকারের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সকলকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, রাস্তার পাশ এবং প্রতিটি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। আয়োজকরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কার্যক্রমও পরিচালনা করা হয়।
প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মাসুদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, যুবসমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী, আব্দুল ওয়াহাব ও আশরাফ আলী। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য আমিনা খাতুন, হাসিনা বেগম ও নাসরিন আক্তার উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম (শফি), বিএনপি নেতা মাহফুজার রহমান শাহ্ আলী, ছাত্রদল নেতা রেজভী সাগর, স্বেচ্ছাসেবক দলনেতা নুহুজ্জামান, আইসিটি উদ্যোক্তা রাকিবুল হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ইউনিয়নজুড়ে সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও জোরদার হবে।

