এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে রাজনৈতিক মামলার চার আসামি এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের নির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জ মো. আতিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ধুনট থানার মামলা নম্বর-৭(১২)২০২৫-এর এজাহারনামীয় আসামি মো. জাহাঙ্গীর হোসেন ডলার (৪৩)। পুলিশ জানিয়েছে, তিনি ধুনট উপজেলা যুবলীগের সহসভাপতি হিসেবে পরিচিত। তিনি উপজেলার কাশিয়াহাটা গ্রামের গোলাম মাস্টারের ছেলে।
এ ছাড়া ধুনট থানার মামলা নম্বর-১৮(১)২০২৫-এর সন্দিগ্ধ আসামি মো. ফজলুল হক সুজন (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি ভান্ডারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তাঁর বাড়ি ধুনট উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি মৃত সোহরাব আলীর ছেলে।
অন্যদিকে, ধুনট থানার মামলা নম্বর-১৮(২)২০২৫-এর আসামি মো. চপল ওরফে চপল মাহমুদ (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ধুনট পৌরসভা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তাঁর বাড়ি ধুনট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভরনশাহী এলাকায়। তিনি মো. জয়নাল আবেদিনের ছেলে।
এ ছাড়া ধুনট থানার মামলা নম্বর-৫(১০)২০২৪-এর তদন্তে প্রাপ্ত আসামি মো. আরিফুল ইসলাম (২৫)কেও গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তাঁর বাড়ি উপজেলার অলোয়া দক্ষিণপাড়া গ্রামে।
পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরহাদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ধুনট সদরপাড়া এলাকার হাজী আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর বলেন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। গ্রেপ্তার রাজনৈতিক মামলার আসামিসহ পাঁচজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

