স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটিতে বাড়ি ফেরার পথে এক সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল ইসলাম। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইচউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

