শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাৎক্ষণিক সহায়তা হিসেবে পরিবারটিকে এক মাসের খাদ্যসামগ্রী ও ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত সোমবার বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইতালি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারটি সহায়-সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়ে এবং খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে ২২ অক্টোবর বৃহস্পতিবার বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক মাস চলার উপযোগী শুকনো খাবার, যার মধ্যে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে, এবং নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বিষয়টি জানিয়েছেন।
এ বিষয়ে মানবিক দায়িত্ববোধের কথা উল্লেখ করে তিনি বলেন, বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্দশা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে এ সহায়তা কিছুটা হলেও কাজে আসবে বলে আশা করা হচ্ছে।

