এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দুই আসামিকে ৩০০ টাকা করে এবং অপর একজনকে ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর উপজেলার স্টেশন রোড এলাকায় স্বপ্নপুরী হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনজনকে গাঁজাসহ আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ সিয়াম ফকির (২০), সারিয়াকান্দি উপজেলার কলোনিপাড়া হিন্দুকান্দি এলাকার মোঃ মোহাম্মদ আলীর ছেলে মোঃ সোহান ইসলাম (২৩) এবং বগুড়া সদর উপজেলার রাজাবাজার এলাকার মির্জা সেলিম রেজার ছেলে মোঃ সাগর রেজা (২৮)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিয়াম ফকির ও সোহান ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপর আসামি সাগর রেজাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে জব্দ করা ১৫ গ্রাম গাঁজা ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসি বগুড়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা প্রয়োজন।

