দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬: প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে উপদেষ্টা বিদায়ী রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। পরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে তারা মতবিনিময় করেন।
জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আস্থাপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয়। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, প্রশাসন ও জ্ঞান-বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। যৌথ গবেষণা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করা সম্ভব।
বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদলের চীন সফরের ফলে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরের পর দুই দেশের সম্পর্ক আরও এগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাতে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য চীনে প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব দেন ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’র উদ্যোগে সুশৃঙ্খল ও পরিকল্পিত প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানো যেতে পারে।
এ সময় চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সাক্ষাতে চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

