দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির নেতা সারজিস আলম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছাবার্তায় সারজিস আলম বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। অসংখ্য নেতাকর্মী মিথ্যা মামলায় বছরের পর বছর কারাভোগ করেছেন, পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন থেকেছেন। অনেকে গুম ও হত্যার শিকার হয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির নেতাকর্মীদের অবদানের কথাও স্মরণ করেন তিনি। সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির নেতাকর্মীরা আমাদের সহযোদ্ধা ছিলেন। এ আন্দোলনে বিএনপির অসংখ্য নেতাকর্মীর রক্ত ও জীবন উৎসর্গ হয়েছে।
বর্তমানে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি জাতীয় সংসদে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যাশা থাকবে—আগামীর রাজনীতিতে স্বজনপ্রীতি, দলীয়করণ, ক্ষমতার অপব্যবহারসহ যুগের পর যুগ সাধারণ মানুষ ও ভিন্ন দল-মতের মানুষের ওপর জুলুম করার যেসব চর্চা চলে আসছে, বিএনপিতে তার আর কোনো অস্তিত্ব থাকবে না।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে যে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের ওপর শোষণ ও নির্যাতন করা হয়েছে, সময়ের পরিক্রমায় একই প্রতিষ্ঠান যেন বিএনপির মাধ্যমে অন্য কারও ওপর জুলুমের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়।
সারজিস আলম বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই—আপনারা সময়ের চাহিদাকে অনুধাবন করবেন, মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করবেন।’
গণতান্ত্রিক উত্তরণের এই পথচলায় কথা ও কাজে সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রকৃত অর্থে ধারণ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সারজিস আলম।
সবশেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

