এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মোটরসাইকেলে অভিনব কৌশলে নেশাজাতীয় মাদক পরিবহনের সময় ১৩৬ বোতল ইস্কাফসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-১২ জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, প্রতারণা ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৮ জুলাই ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর শিবগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য বগুড়ার দিকে নিয়ে আসা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল বগুড়া সদর উপজেলার এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় নওগাঁ-বগুড়া চারমাথাগামী সড়কে মাদকবিরোধী বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আনুমানিক দুপুর ১২টা ৪০ মিনিটে সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কৌশলে বহন করা ১৩৬ বোতল নেশাজাতীয় মাদক ইস্কাফ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ছানাউল একরাম শাওন (৩০), পিতা—মৃত জিল্লুর রহমান, সাং-মহেশপুর (১ নম্বর ওয়ার্ড), থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাকে আটক করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন Apache RTR 150 মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র্যাব। বিষয়টি তদন্ত করে তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্ক শনাক্তে কাজ চলছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

