ঢাকা প্রতিনিধি: রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে পুলিশ। জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
পুলিশের একটি বিশেষ বার্তায় জানানো হয়, শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের ৩০ থেকে ৪০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অভিযান শেষে ২৩ জনকে আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদে বৈঠক চলাকালে ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জঙ্গি কার্যক্রমের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
অভিযানের পর ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা উপস্থিত হন। আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

