দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর বিশাল আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। রোববার (২৩ আগস্ট) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির কারণে বর্জ্যের বিশাল স্তূপটি ধসে পড়ে। এতে আশপাশের তাঁবু ও অস্থায়ী ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর এবং ১৬ জন সামান্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধসের পরিমাণ এতটাই বড় ছিল যে একটি অ্যাপার্টমেন্ট ভবনসহ বেশ কয়েকটি অস্থায়ী স্থাপনা মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে ঘটনাস্থলে যান দেশটির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ। তিনি জনগণকে শান্ত থাকার পাশাপাশি একে অন্যের পাশে দাঁড়ানো এবং উদ্ধারকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
দুর্ঘটনার মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে ওই বর্জ্যভূমি বন্ধ করে বর্জ্য অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল গিনি সরকার। বর্ষাকালে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় দীর্ঘদিন ধরেই এলাকাটি নিয়ে উদ্বেগ ছিল।
গিনি বিশ্বের অন্যতম বৃহৎ বক্সাইট মজুতের দেশ। দেশটির সিমানদু এলাকায় বিশ্বের অন্যতম সমৃদ্ধ লৌহ আকরিকের মজুত রয়েছে। তবে দেশটির অবকাঠামোগত উন্নয়ন সীমিত এবং দারিদ্র্যের হারও উল্লেখযোগ্য। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ১ কোটি ৫১ লাখ মানুষের মধ্যে প্রায় ৩৭ লাখ মানুষ দৈনিক ৪ দশমিক ২০ ডলারের কম আয়ে জীবনযাপন করেন।

