এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
ঢাকা থেকে সিরাজগঞ্জগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দীককে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ। একই ঘটনায় পুলিশের দুই সদস্যের বিরুদ্ধেও ওই নারীকে শ্লীলতাহানি করার অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার আবু বক্কর সিদ্দীককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার ওই ৪৪ বছর বয়সী নারী ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ওঠেন। যাত্রাপথে মাদক বহনের সন্দেহের কথা বলে পুলিশের দুই সদস্য তাকে জোরপূর্বক ট্রেনের ক্যান্টিনে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে ওই দুই সদস্য তার সঙ্গে শ্লীলতাহানি করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, পুলিশের ওই দুই সদস্য চলে যাওয়ার পর রাত আনুমানিক ১টার দিকে ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দীক ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এ সময় ভুক্তভোগীর চিৎকার ও ডাক শুনে আশপাশের যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার পরপরই ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযান চালায়। পরে চলন্ত ট্রেন থেকেই অভিযুক্ত ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দীককে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেলে ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় আবু বক্কর সিদ্দীকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, গ্রেপ্তার আবু বক্কর সিদ্দীককে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে।
অভিযুক্ত দুই পুলিশ সদস্যের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের নাম-পরিচয় শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।
এদিকে চলন্ত ট্রেনে এমন গুরুতর অভিযোগের ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

