ঢাকা প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামানকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, মারধর ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অতিরিক্ত যাত্রীর চাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হয়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান।
এজাহারে অভিযোগ করা হয়, এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন। একই সঙ্গে বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাঁদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আখতারুজ্জামান তাঁকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছিলেন। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

