ঢাকা প্রতিনিধি: রাজধানীর ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকায় মো. নুরুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত নুরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহতের বোন আঁখি ইসলাম বাদী হয়ে ডেমরা থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকার মো. রবিন হোসেনের আড়তে কাজ করতেন। গত ৯ সেপ্টেম্বর অটোভ্যানের সঙ্গে ডিমবাহী ভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিল্লাল হোসেন (৩৬) নামে এক ব্যক্তির সঙ্গে তার তর্কবিতর্ক হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
তবে এ ঘটনার জেরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ডগাইর নতুনপাড়া সালামবাগ এলাকায় নুরুল ইসলামের ডিমবাহী ভ্যানের গতিরোধ করা হয়। এ সময় বিল্লাল হোসেন, ওমর ফারুকসহ আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে ধারালো ছেনি দিয়ে নুরুল ইসলামের মাথায় আঘাত করা হয়। এতে আঘাতটি তার ডান চোখে লাগে এবং তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ভ্যানে থাকা প্রায় ১ হাজার ২০০টি ডিম ভেঙে ফেলেন। এসব ডিমের আনুমানিক মূল্য ১৪ হাজার ৫০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া নুরুল ইসলামের পকেটে থাকা ১৭ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা নুরুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে এজাহারে বলা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ডেমরা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

