
প্রাণের শহর বিডি ডেস্ক:
চাঁদপুরে নদীভাঙন প্রতিরোধে যতটুকু কাজ হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
তিনি বলেন, আগামীতেও নদীভাঙন প্রতিরোধে কাজ হবে। তবে যেটুকু এখন ভাঙনের কবলে, সেটুকু যদি রক্ষা করতে হয়, তাহলে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে নৌকাতে ভোট দেওয়ার অনুরোধ জানাই।
শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা সদরের বিষ্ণুপুর, ইব্রাহিমপুর ইউনিয়নে নদীভাঙন এবং চাঁদপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পসংক্রান্ত এক আলোচনা সভায় চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের এমপি ডা. দীপু মনি এসব কথা বলেন।
সভায় নদী ভাঙনকবলিত কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা তাদের এলাকার ভাঙনের বর্তমান চিত্র তুলে ধরেন। এ সময় চাঁদপুরের নদীভাঙন প্রতিরোধের প্রকল্পগুলো নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও চেয়ারম্যান মেম্বারদের আশ্বস্ত করেন তিনি।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে উন্নয়নে কোনো বৈষম্য করেনি। বিএনপি-জামায়াতের মন্ত্রী-এমপিদে বাড়ির সামনেও রাস্তা, ব্রিজ ও কালভার্ট করে দিতে হয়েছে, যা তাদের সরকার থাকাকালীনও তারা করতে পারেনি। তাই এদেশের মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছেই বেশি।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও ইব্রাহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসেম খান।
এ সময় পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারি, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















