স্টাফ রিপোর্টার:
বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা কার্যালয়ে দলটিতে যোগ দেওয়া নতুন নেতাকর্মীরা জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন বগুড়া শহর জোনের ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ গোলাম কিবরিয়া। তিনি ছাড়াও এ তালিকায় রয়েছেন মো. আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন ও মিনহাজুল আবেদিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী। তাদের মধ্যে কেউ ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল, কেউ সদস্য ও বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছেন।
যোগদানকারী হাফেজ গোলাম কিবরিয়া জানান, তাদের সঙ্গে মোট ৮০ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। এর মধ্যে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। বাকিরা উপস্থিত না থাকলেও তারা দলটিতে যুক্ত হয়েছেন।
তিনি বলেন, আমি ব্যক্তিগত ইচ্ছায় এনসিপিতে যোগদান করেছি। আমার মনে হয়েছে, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে আরও ভালো কিছু করা সম্ভব। সামনে থেকে এনসিপিকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে আমি কাজ করতে চাই।
নিজের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড প্রসঙ্গে গোলাম কিবরিয়া বলেন, আমি বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলাম। জামায়াতের সঙ্গেও যুক্ত ছিলাম। তবে এখন সম্পূর্ণ নিজের ইচ্ছায় এনসিপিতে যোগ দিয়েছি।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন বলেন, ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নাগরিক পার্টি। বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই দলটিতে আস্থাশীল হয়ে যোগ দিচ্ছেন। নতুন নেতাকর্মীদের স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।
তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করছে। দেশের মানুষ পুরোনো ধারার গতানুগতিক রাজনীতির পরিবর্তে নতুন ধারার রাজনীতি প্রত্যাশা করছে। এনসিপি সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

