এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী জোনের উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ) সকালে শহরের কলোনী এলাকায় অবস্থিত শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আ স ম আব্দুল মালেক। অনুষ্ঠানটি পরিচালনা করেন পেশাজীবী জোনের সদস্য মো. আসাদুল ইসলাম আসাদ।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইফসুর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বিএসসি ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আহমেদ কবীর, মাওলানা মো. আব্দুল হালিম বেগ, তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় ওস্তাদ ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার শাসনের অবসানের পর দেশে নতুন করে কোনো ধরনের স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, যারা পুনরায় লগি-বৈঠার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিংবা জামায়াতের বিরুদ্ধে হুমকি-ধমকি ও অস্ত্রের মহড়া প্রদর্শন করছেন, তাদের অতীতের রাজনৈতিক পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে আইনের আওতার বাইরে রাখা যাবে না। অতীতে প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনায় জড়িতদেরও দেশের প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষা শিবিরে পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

