এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও চোলাইমদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার ধুলাতইর গ্রামের মো. শাকিল মৃধা (২৭), পিতা মো. হাফিজার মৃধা এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার ভাটকুড়ি গ্রামের মো. কামাল (৫০), পিতা মৃত মোকছেদ আলী মণ্ডল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রথম আসামি মো. শাকিল মৃধাকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং দ্বিতীয় আসামি মো. কামালকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

