স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর ও রাজু আহম্মেদ নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ২ নম্বর গাড়িদহ ইউনিয়নের রহমাননগর গ্রামে এ অভিযান পরিচালনা করে শেরপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইনের (পিপিএম) নির্দেশনায় এসআই মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রহমাননগর গ্রামের গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে রুস্তম আলীর বাড়ির সামনে বগুড়া-ঢাকাগামী মহাসড়কের সার্ভিস লেনে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়।
পরে তাদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর উপজেলার বনমরিচা (পিসিভিটা) এলাকার মৃত শাজাহান সোনার বাঘার ছেলে মো. সাইফুল ইসলাম সাগর (২৬) এবং একই এলাকার মধ্যপাড়ার মো. আইয়ুব আলীর ছেলে মো. রাজু আহম্মেদ (২১)।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশ অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।

