এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় বামুনিয়া যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনালে বন্ধু একাদশ শাজাহানপুরকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার বামুনিয়া ইটভাটা মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামে দুই শক্তিশালী দল। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রথমার্ধে খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাবের খেলোয়াড় আল আমিনের করা একমাত্র গোলেই এগিয়ে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় বন্ধু একাদশ। অন্যদিকে ব্যবধান ধরে রাখতে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে চ্যাম্পিয়ন দল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোলদাতা আল আমিন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে একটি বড় খাসি এবং রানার্সআপ দলকে একটি ছোট খাসি উপহার হিসেবে প্রদান করা হয়।
বামুনিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। খেলার উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন বাবু।
আড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও বগুড়া জজকোর্টের এপিপি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু শাহিন সানি, সহ-সভাপতি মনজুর কাদের মন্টু, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন আলী, আমরুল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম আর মানিক, আড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু, চেয়ারম্যান পদপ্রার্থী বাগবুল ইসলাম নাইম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আজিজুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদ রানা, ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন, ওয়ার্ড সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুল হোসেন এবং এমএইচএফ ইটভাটার স্বত্বাধিকারী মোজাফ্ফর রহমান।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও আড়িয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, যুবসমাজের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এলাকার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

