এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন কাহালু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।
আটক ব্যক্তি হলেন কাহালু উপজেলার গিরাইল গ্রামের বাসিন্দা নয়ন চন্দ্র সরকার (৫২)। তিনি মৃত খগেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি সূত্র জানায়, জব্দ করা মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

