এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে ডুবে আল-আমীন রহমান (১৭) নামে মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগে আক্রান্ত এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের পিন্ডিখুর গ্রামের শ্মশানসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) বিকেল প্রায় ৫টার দিকে আল-আমীন বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা রাতভর আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আল-আমীন রহমান উপজেলার নারহট্ট ইউনিয়নের পিন্ডিখুর গ্রামের মো. লোকমান হাকীমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

