এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সামিউল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কদমতলী তাইরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম ওই গ্রামের বাসিন্দা মো. আতাউর রহমান টিটুর ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে সামিউল বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। একপর্যায়ে পুকুর থেকে সামিউলকে উদ্ধার করে দ্রুত গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সামিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।
কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় বিষাদের ছায়া দেখা দিয়েছে।

