এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধুনট থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ধুনট উপজেলার পার নাটাবাড়ী গ্রামের মো. ওহাব আলীর ছেলে মো. আপন (২০), একই গ্রামের শাহ আলমের ছেলে সাইম (১৯) এবং সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামের আঃ মজিদের ছেলে মো. সবুজ ইসলাম (৩০) রয়েছেন। তাঁদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়া ধুনট আদর্শপাড়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে মো. নাছির উদ্দিন মাহমুদ নাহিয়ান (২৩)-কে একটি চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা জোরদারের পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

