শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু ও সাতটি ভেড়া পুড়ে মারা গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. দবিবুর রহমান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বলন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে আগুন গোয়ালঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোয়ালঘরের ভেতরে থাকা গবাদিপশুগুলোকে বের করে আনা সম্ভব হয়নি। এতে পাঁচটি গরু ও সাতটি ভেড়া পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত দবিবুর রহমান বলেন, “গবাদিপশুগুলোই ছিল আমাদের পরিবারের আয়ের অন্যতম অবলম্বন। এগুলো হারিয়ে এখন কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।” তাঁর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী শরিফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
অগ্নিকাণ্ডের পর সকালে ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া গোয়ালঘর ও ছাইয়ের স্তূপ দেখা যায়। গবাদিপশু হারিয়ে পরিবারের সদস্যদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।

