এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদল নেতা ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল। তিনি বলেছেন, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। অপরাধীর পরিচয় দলীয় পরিচয়ে নির্ধারিত হবে না -অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
রোববার (৯ আগস্ট) নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন মহল্লার তরুণ ও স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আব্দুর রউফ রুবেল বলেন, দেশের যুবসমাজ একটি বড় শক্তি। তাদের সঠিক পথে সম্পৃক্ত করা গেলে সমাজ থেকে মাদকসহ নানা অপরাধ দূর করা সম্ভব। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, নন্দীগ্রাম উপজেলাকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। প্রতিটি মহল্লায় মাদকের ক্ষতিকর দিক নিয়ে জনসচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ক্রীড়া সংগঠক এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।
রুবেলের ভাষ্য, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের উৎসাহিত করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা দরকার।
এর আগে উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় যুবদল নেতা জয়নুল আবেদিন শিবলু, শাকিল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রের দাবি, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এবং জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের দিকনির্দেশনায় গ্রামীণ এলাকায় ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা তৈরির চেষ্টা চলছে।

